কক্সবাজার, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। নিহত হয়েছে দুর্ঘটনা কবলিত ওই গাড়ির চালকও।
শনিবার সকাল ১০টার দিকে হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীরা হলেন- মাদ্রাসা শিক্ষক ইসমাইল (৪০) ও ছাত্র মুবিন (৮)। মাইক্রোবাসের চালকের পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার ওসি মো. ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে গয়ালমারা এলাকায় একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মাইক্রো বাসটি নিয়ন্ত্রণ হারায়।
ইসমাইল ও মবিনকে ধাক্কা দেওয়ার পর মাইক্রেবাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায় বলে তিনি জানান।
এতে ইসমাইল, মুবিন ও মাইক্রো চালক ঘটনাস্থলেই মারা যান। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24