ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা চেয়ারম্যানদের তাদের সনদ পড়ে দেখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "উপজেলা চেয়ারম্যানদের প্রচুর কাজ আছে। সেগুলো তাদের সনদে লিপিবদ্ধ আছে। তারা তা না পড়েই বলে যে তাদের কোনো কাজ নেই।"
আসন্ন আদম শুমারির কাজেও উপজেলা চেয়ারম্যানদের সম্পৃক্ত হতে বলেছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা শুক্রবার রাতে গণভবনে তার সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তাদের সংগঠনকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, সংগঠন শক্তিশালী হলেই তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণকে ভালোভাবে জানাতে পারবে।
এ সময় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24