চাঁদপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
আটককৃত জাটকা শুক্রবার দুপুরে চাঁদপুরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। আর জাল ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ডের সদস্যরা পৃথক অভিযানে এগুলো আটক করে। এ সময় কেউ আটক হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সাইফুর রহমান।
স্টেশন কমান্ডার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দক্ষিণাঞ্চল থেকে চাঁদপুরের মেঘনা হয়ে ঢাকাগামী এমভি মিতালী-৬ নামের একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা আটক করা হয়। এছাড়া মেঘনা নদীতে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরে মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৬ ঘ.
bdnews24