হবিগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়িতে ট্রাক চাপা পড়ে একজন নিহত ও দুই জন আহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি জাতীয় উদ্যাণের সামনে শুক্রবার বিকালে দ্রুতগামী একটি ট্রাক বিপরীতমুখী একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী জুয়েল মিয়া (৪০) ঘটনাস্থলেই মারা যান। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। মোটর সাইকেলের অপর দুই আরোহী ফুয়াদ ও নুরুজ্জামান আহত হয়েছেন। তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে জুয়েল ওই দুজনকে সঙ্গে নিয়ে ভৈরব থেকে মোটর সাইকেলে চুনারুঘাটে সৈয়দ সিপাহসালার নাসির উদ্দিন (রঃ) এর মুড়াবন্দ মাজার শরীফ জিয়ারত করতে আসেন।
বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে সাতছড়িতে বিরপরীতমুখী একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০২২ ঘ.
bdnews24