২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ঠিকাদার খুন, আটক ১

সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক ঠিকাদার খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সাভার, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক ঠিকাদার খুন হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার সাদুপাড়া মহল্লার লেকের পাড়ে ড্রেন থেকে তার লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এক জনকে আটক করেছে। নিহত রাশেদ মিলন ওরফে কাশেম (২৭) সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর আশুলিয়া এলাকার ঠিকাদার। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কাশেমকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় জলিল নামের এক পোশাক শ্রমিক। এরপর থেকেই কাশেম নিখোঁজ হয়। শুক্রবার সকালে সাদুপাড়া মহল্লায় লেকের পাড়ে ড্রেনের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশেমকে গলা কেটে হত্যা করার পর মুখমণ্ডল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘাতকরা। কেউ যাতে তাকে চিনতে না পারে সম্ভবত সে উদ্দেশ্যে এটা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পোশাক শ্রমিক জলিলকে আটক করা হয়েছে। এসআই আবুল কালাম আরো জানান, কাশেমের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য অনুসন্ধাণ ও হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭০৮ ঘ.