খাগড়াছড়ি, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির গুইমারা থানায় বাস চাপায় বেলাল হোসেন (২০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরেক আরোহী।
শুক্রবার দুপুরে রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি জিপকে পাশ কাটাতে গিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি বাসের সঙ্গে ধাক্কা খায় বেলালের মোটর সাইকেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোটর সইকেল আরোহী আবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিহত বেলালের বাড়ি মাটিরাঙ্গা থানার তবলছড়ি এলাকায়। তার বাবা জয়নাল হোসেন তবলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৪০ ঘ.
bdnews24