ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় অব্যাহত সংঘাতের মধ্যেও সেখান থেকে সব বাংলাদেশিকে না ফেরানোর অবস্থানে অনড় রয়েছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শুক্রবার তার কার্যালয়ে সাংবাকিদের বলেন, "সেখান থেকে সবাইকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটি সতর্কতার সঙ্গে নিতে হবে।"
"লিবিয়ায় গোলযোগপূর্ণ এলাকার পাশাপাশি কিছু নিরাপদ এলাকাও রয়েছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশিরা সেখানে থেকে যেতে পারে," বলেন তিনি।
প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক সভায় সব বাংলাদেশিকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন।
উত্তর আফ্রিকার এ দেশটিতে গত দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। কয়েকটি এলাকার নিয়ন্ত্রণও নিয়েছে বিরোধীরা। সংঘাতময় পরিস্থিতিতে দেশ ছাড়ছে বিদেশিরা।
দীপু মনি জানান, লিবিয়া থেকে মোট ২৪ হাজার ৯১৩ জনকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।
পশ্চিম আফ্রিকার এ দেশটিতে লক্ষাধিক বাংলাদেশি রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের ফিরিয়ে আনার ফ্লাইট বাড়ানোর জন্য সরকার আইওএমকে অনুরোধ করেছে। এ জন্য যে ব্যয় হবে তার একটি অংশ সরকার বহন করবে।
মন্ত্রী জানান, তিনি জেনেভায় আইওএমর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্ধারে সহায়তা বাড়ানোর জন্যও অনুরোধ করেছেন।
ফিরেছেন ২ হাজার ৪১৩ জন
শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ২ হাজার ৪১৩ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন বলে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদের মধ্যে ৯৬১ জনকে ফেরত এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম। কর্মরত প্রতিষ্ঠানের মাধ্যমে ও নিজেদের উদ্যোগে দেশে ফিরেছেন ১ হাজার ৪৫২ জন।
শনিবার ফিরছেন ৩৬০ জন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া থেকে আরো ৩৬০ জন বাংলাদেশি শনিবার তিনটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন।
শুক্রবার মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ৩৬০ জনের মধ্যে ৪২ জন ফিরছেন বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে।
তবে এর আগেই শুক্রবার রাতে দুটি ফ্লাইটে আরো ১৯৬ জন দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তিউনিসিয়ায় ঢুকেছেন ১১ হাজার বাংলাদেশি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শুক্রবার সাংবাকিদের বলেন, বৃহস্পতিবার তিউনিসিয়া সীমান্তের প্রবেশপথ খুলে দেওয়ার পর ১১ হাজারের মতো বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, "লিবিয়ায় বাংলাদেশিরা যেসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সেসব কোম্পানির সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যয় বহনের বিষয়ে সম্মত হয়েছে।"
কিছু প্রতিষ্ঠান বাংলাদেশিদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে বিদেশি কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে বলে জানান তিনি।
দীপু মনি জানান, মিশর ও তিউনিসিয়ার সীমান্ত অঞ্চলে ১০টি শরণার্থী শিবির খোলা হয়েছে। তবে অস্থায়ী এসব আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/জেকে/১৮৫০ ঘ.
bdnews24