সাভার, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় এক রিকশারোহীর মৃত্যুর পর স্থানীয়দের অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
অবরোধের সময় একটি বাসে আগুন ধরিয়ে দেয়, ভাংচুর করে কয়েকটি গাড়ি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের ছায়াবীথি থেকে রেডিও কলোনি স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে রাবেয়া ক্লিনিকের সামনে মানিকগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস দুটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে রিকশারোহী মনিরা বেগম (২৮) ছিটকে রাস্তায় পড়ে গেলে তার ওপর দিয়েই বাসটি চলে যায় বলে স্থানীয়রা জানান। মনিরা বাগেরহাটের কচুয়া উপজেলার গজারিয়া গ্রামের দেলোয়ার শেখের মেয়ে।
ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসচাপায় মনিরা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় দুজন।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে।
প্রায় এক ঘণ্টা পর পুলিশ জনতাকে রাস্তা থেকে সরিয়ে দিলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
আহত রিকশাচালক রফিকুল ইসলামকে স্থানীয় সলিমুল্লাহ হাসপাতালে এবং রিকশারোহী পলাশকে রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহজাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24