ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখের নিচে এসেছে। গত ফেব্র"য়ারি মাসের মামলা নিষ্পত্তির হিসাবে এ চিত্র দেখা গেছে।
বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে বিচারাধীন মামলার সংখ্যা কমেছে ৫৫ হাজার ২৪৬টি।
সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের শুরুতে বিচারাধীন মামলার সংখ্যা ছিলো ৩ লাখ ৫২ হাজার ৮৮১টি। গত ৩১ জানুয়ারিতে এ সংখ্যা ছিলো ৩ লাখ ৩ হাজার ৩০৩টি। ২৮ ফেব্র"য়ারি মামলার সংখ্যা কমে নেমে ২ লাখ ৯৭ হাজার ৬৩৫টিতে নেমে এসেছে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা নিষ্পত্তির সম্পূর্ণ কৃতিত্ব বিচারক ও আইনজীবীদের।
"তারা পরিচালনা না করলে এত মামলা নিষ্পত্তি করা সম্ভব হতো না। বিচারকগণ মামলা নিষ্পত্তিতে আগ্রহ প্রকাশ করেছেন। সে আগ্রহে সাড়া দিয়ে আইনজীবীরা মামলা পরিচালনা করেছেন", বলেন তিনি।
এবিএম খায়রুল হক গত অক্টোবরে প্রধান বিচারপতির দায়িত্ব নেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএন/এমআই/২৩২৬ ঘ.
bdnews24