২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় ২ সম্পাদকসহ প্রকাশককে তলব

মানহানির অভিযোগে একটি সাপ্তাহিক এবং একটি দৈনিকের সম্পাদক ও প্রকাশককে আদালতে তলব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে একটি সাপ্তাহিক এবং একটি দৈনিকের সম্পাদক ও প্রকাশককে আদালতে তলব করা হয়েছে। এরা হলেন- সাপ্তাহিক মৌচাকের সম্পাদক শফিক রেহমান এবং দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও প্রকাশক শামসুল হুদা। আগামী ২১ এপ্রিল তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম এ জে এম আল মাসুদ বাদির জবানবন্দি গ্রহণ শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন। 'চান্স এডিটর নয় চান্স চিফ এডভাইজর' শিরোনামে দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত একটি কলামে প্রধান বিচারপতিকে 'চান্স মোহাম্মদ' অভিহিত করার অভিযোগে বৃহষ্পতিবার বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুস সাত্তার এ মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, শফিক রেহমান গত ২৫ ফেব্র"য়ারি দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় 'দি কাউন্ট অফ মন্টি কৃস্টো ফেরার অপেক্ষায়', 'চান্স এডিটর নয় চান্স চিফ এডভাইজর' শিরোনামে কলাম লেখেন। সেখানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারা অন্তরীণ মাহমুদুর রহমানকে হাইকোর্টে আদালত অবমাননা মামলায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক চান্স এডিটর বলে মাহমুদুরকে অভিহিত করেন বলে কলামে উল্লেখ করা হয়। শফিক রেহমান ওই কলামে প্রধান বিচারপতিকে চান্স মোহাম্মদ বলে অভিহিত করে ইসলাম ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়। বাদির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শেখর আহমেদ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৩৬ ঘ.