নারায়ণগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃহস্পতিবার আগুনে পুড়ে গেছে ১৫টি ঘর।
দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার ফতুল্লা শান্তিনিবাস এলাকার এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শান্তি নিবাস এলাকার মোহর চাঁনের বাড়ির ২৫টি ঘরে বিভিন্ন গার্মেন্ট কারখানার কর্মীরা ভাড়া থাকেন। দুপুরে ভাড়াটিয়াদের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়লে ২৫টি ঘরই পুড়ে যায়।
স্থানীয় লোকজন প্রথমে বালি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। তবে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৮৩১ ঘ.
bdnews24