২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের 'প্রতিহিংসার' শিকার ইউনূস: ফখরুল

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণকে সরকারের 'প্রতিহিংসা' বলে অভিহিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণকে সরকারের 'প্রতিহিংসা' বলে অভিহিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে ঢাকায় মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকালে দুইটি মানববন্ধন কর্মসূচি তিনিসহ দলের একাধিক নেতা এরকম মন্তব্য করেন। দলের এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "অধ্যাপক ইউনূসের মতো বিশ্ববরেণ্য, নোবেল বিজয়ী ব্যক্তিকে অসম্মান করা হয়েছে। সরকারের প্রতিহিংসার কবল থেকে আজ ড. ইউনূসসহ দেশের সম্মান্বিত ব্যক্তিরা কেউই বাদ পড়ছেন না।'' এর আগেও বিভিন্ন সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের একাধিক জ্যেষ্ঠ নেতা ইউনূসের সমর্থনে বক্তব্য-বিবৃতি দেন এবং তার বিষয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। ক্ষুদ্রঋণের প্রবর্তক হিসেবে পরিচিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসকে বুধবার ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। ১৯৮৩ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ইউনূস এ দায়িত্বে ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের অপসারণের আদেশ জারির পর ওইদিন বিকালে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যলয়ে এক ব্রিফিংয়ে বলা হয়, ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে যথারীতি বহাল আছেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন মুহাম্মদ ইউনূস। এর ওপর রোববার আদেশ হবে। কর্মচারিদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে শিক্ষক-কর্মচারি ঐক্যজোট মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এরপর আমার দেশ পত্রিকার কারাবন্দি সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এ দুই কর্মসূচিতে শিক্ষক-কর্মচারি ও পেশাজীবীরা অংশ নেন। কমসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক অভিযোগ করেন, দেশ পরিচালনায় 'পর্বতপ্রমাণ ব্যর্থতা' ঢাকতে সরকার 'প্রতিহিংসার' নীতি বেছে নিয়েছে। এ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসসহ নামী-দামী কেউই বাদ যাচ্ছে না। তাকে অসম্মানজনকভাবে অপসারণ করা হয়েছে। অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ইউনূসকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা আদেশ প্রত্যাহারের দাবি জানান। তিনি একই অভিযোগ করেন যে, দেশে আজ 'প্রতিহিংসার' রাজনীতি শুরু হয়েছে। সত্য কথা লিখতে গিয়ে মাহমুদুর রহমান কারাগারে গেছেন। গতকাল (বুধবার) অধ্যাপক ইউনূসকে বাদ দেওয়া হয়েছে। বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কথিত ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য় অধ্যাপক ইউসুফ হায়দার, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর সভাপতি আ ন হ আখতার হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি এ কে এম আজিজুল হক, মহাসিচব এ জেড এম জাহিদ হোসেন, পেশাজীবী পরিষদের চাষী নজরুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম এ আজিজ, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮১০ ঘ.