২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ২ যুবকের মৃতদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে দু'যুবক মদ পানে মারা গেছে বলে সন্দেহ করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে দু'যুবক মদ পানে মারা গেছে বলে সন্দেহ করছে পুলিশ। যুবকেরা হলেন- মো.বরকত(৩৫) ও মো.রাশেদুল(৩০)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুজনকে তাদের শয়নকক্ষ থেকে মুখে লালাসহ মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুজনের মুখে লালা ছিল এবং নেশা জাতীয় দ্রব্যের গন্ধ আসছিল। পুলিশ জানায়, বরকত কেরানীগঞ্জের আটির মক্কা পোলট্রি খামারের একজন নিরাপত্তাকর্মী। রাশেদুল পাশের একটি নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক। দুজন রাতে খামারের পাশে একটি টিনশেড কক্ষে ঘুমাতেন। ওই খামারের ব্যবস্থাপক আবদুল মালেক জানান, বৃহস্পতিবার সকালে এসে ওই কক্ষের ভেতরে ঢুকে রাশেদুলকে মেঝেতে এবং বরকতকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। বরকতের চাচাতো ভাই ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরকত সিগারেট-পান খেতেন না। রাশেদুলের চাচা বোরহান উদ্দিনও একই কথা বলেন। বরকতের বাড়ি কেরানীগঞ্জের রায়টা গ্রামে, রাশেদুলের বাড়ি নবাবগঞ্জের মুন্সিনগর গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮০১ ঘ.