ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও উপজাতিদের [আদিবাসী] জন্য বিশেষ বিসিএস'র পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান সৈয়দ আশরাফ। তিনি সংসদ কার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত।
সংরক্ষিত নারী আসনের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, মুক্তিযোদ্ধার সন্তানসহ নারী ও উপজাতিদের [আদিবাসী] জন্য বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজন করার বিষয় সরকারের বিবেচনাধীন রয়েছে।
এ ছাড়া প্রতিটি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়ে থাকে বলে জানান তিনি।
রাজশাহী-৬ আসনের সাংসদ মো. শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি কর্ম কমিশনের ক্যাডার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের আপাতত নেই।
গত বছর ওএসডি ৩১৯ জন
গত ১০ বছরের মধ্যে আট বছরের (২০০৭ ও ২০০৮ ছাড়া) ওএসডি কর্মকর্তার সংখ্যা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩১৯ জন সরকারি কর্মকর্তা ওএসডি ছিলেন।
ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
২০০১ সালে দুশ ৪১ জন, ২০০২ সালে দুশ ৫৮ জন, ২০০৩ সালে তিনশ ২২ জন, ২০০৪ সালে দুশ ৯৪ জন, ২০০৫ সালে তিনশ ৪৭ জন, ২০০৬ সালে চারশ চারজন এবং ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনশ ৭৯ জন কর্মকর্তা ওএসডি ছিলেন।
মন্ত্রী জানান, সরকারের দৈনন্দিন কাজের অংশ হিসেবে জন প্রশাসনের কর্মকর্তাদের জনস্বার্থে ওএসডি করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এর সংখ্যা সুনির্দিষ্ট নয় বা এর স্থায়ী কোনো তালিকা নেই।
প্রশাসনের গতিধারায় সুষ্ঠু জন প্রশাসনের স্বার্ধে ওএসডি পদ্ধতি চালু রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮০৯ ঘ.
bdnews24