২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর সড়ক অবরোধ নোয়াখালী ও পাবনায়

দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নোয়াখালী ও পাবনায় বৃহস্পতিবার সড়ক অবরোধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

নোয়াখালী/পাবনা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নোয়াখালী ও পাবনায় বৃহস্পতিবার সড়ক অবরোধ হয়েছে। নোয়াখালীতে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার পর লাকসাম-সোনাইমুড়ি বাইপাস সড়ক অবরোধের সময় দুটি ট্রাকও ভাংচুর হয়। পাবনা-পাকশী সড়কে বাসের ধাক্কায় নিহত হয় এক স্কুলছাত্রী। সোনাইমুড়ি থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের অবরোধের কারণে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সোনাইমুড়ি-লাকসাম বাইপাস সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। সড়কে গতিরোধক নির্মাণের আশ্বাসে জনতা অবরোধ তুলে নেয়। বেলা ১১টার দিকে সোনাইমুড়ি থানার সামনে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী শাহী পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয় সোনাইমুড়ি শিশুকানন কিন্ডারগার্টেনের প্লে গ্র"পের শিক্ষার্থী আরিফ হোসেন (৪)। সে সোনাইমুড়ি গ্রামের মো. সেলিমের ছেলে। বাসের ধাক্কায় আহত হয় আরিফের সতীর্থ আরমান হোসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের জামাল হোসেনের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলো শিশুরা। ওই সময় বাসের ধাক্কায় আরিফ ঘটনাস্থলেই মারা গেলে স্থানীয়রা রাস্তায় নেমে আসে। ওই সময় ভাংচুর হয় দুটি ট্রাক। বাসটি বেগমগঞ্জের চৌরাস্তা থেকে বাসটি আটক করা হয়েছে বলে ওসি হুমায়ুন সাংবাদিকদের জানান। পাবনার দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টায় পাবনা-পাকশী সড়কের চাঁদপুরে। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা দেড় ঘণ্টা ওই সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আরিফা খাতুন (১২) পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং ডা. ইসমাইল মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী। পাবনা সদর থানার ওসি এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফা নছিমনে করে স্কুলে যাচ্ছিলো। পাকশীগামী এসবি পরিবহনের একটি বাসের ধাক্কায় আরিফা প্রথমে নিচে পড়ে যায়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭২০ ঘ.