চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস উল্টে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৩ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মায়া রাণী দে (৬০) মিরসরাইয়ের বাসিন্দা। অন্য জনের পরিচয় জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে পুলিশের হাবিলদার আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহেশখালীর আদিনাথ মন্দির থেকে উৎসব শেষে চট্টগ্রাম আসার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
আহতদের তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আবুল কালাম।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের হাসপাতালে আনার পথে দুইজন মারা যান।
অন্য আহতরা হলেন- দ্বিজেন্দ্র দে (৬০), পঞ্চমী দে (৪০), রাখাল দে (৬০), বাবুল (৪৮), মায়া দেবী (৭০), ছবি রাণী (৬৫), বানু বালা (৭০), কাজল (৫০), কাননবালা (৭২), শোভা রাণী দে (৬৫), সুনীল, সীমা রাণী ও মাইক্রোবাসের সহকারী ওয়াহিদ (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এমআই/১৫১৫ ঘ.
bdnews24