২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিরাজগঞ্জে তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালকসহ ছয় জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালকসহ ছয় জন নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোণাবাড়িতে, সকালে একই মহাসড়কের পাঁচলিয়া এবং সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতকান্দিতে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- লবণ বোঝাই ট্রাকের চালক নাটোরের বড়াইগ্রামের ফারুক হোসেন ও হেলপার হোসেন আলী, আলু বোঝাই ট্রাকের চালক মিলন, ওই ট্রাকের অজ্ঞাত পরিচয় হেলপার, পাঁচলিয়া এলাকার নলকার আমডাঙ্গা গ্রামের বাচ্চু (৩৪) এবং বেতকান্দি এলাকার বাসিন্দা মুসা। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি ৬ নম্বর সেতুর কাছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী আলু বোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের দুই চালক ও দুই হেলপার ঘটনাস্থলেই মারা যায়। তিনি জানান, এ ঘটনায় দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ি কেটে ভিতরে থাকা গাড়ির চালক ও হেলপারদের লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সকাল ৭টার দিকে একই মহাসড়কের পাঁচলিয়ায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান স্থানীয় নলকার আমডাঙ্গা গ্রামের বাচ্চু (৩৪)। এছাড়া সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতকান্দিতে নছিমনের নিচে চাপা পড়ে ভ্যানযাত্রী একই এলাকার বাসিন্দা মুছা ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪০ ঘ.