২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের রিট আবেদনপ্রথম দফা শুনানি হলো

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর এক দফা শুনানি হয়েছে। এতে নোবেল বিজয়ীর পক্ষে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর এক দফা শুনানি হয়েছে। এতে নোবেল বিজয়ীর পক্ষে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন। বৃহস্পতিবার সকালে রিট আবেদনের পর দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে আবেদনটির ওপর শুনানি শুরু হয়। দুপুর ১টার দিকে শুনানি মুলতবি হয়। দুপুরের পর আবার শুনানি শুরুর হওয়ার কথা রয়েছে। শুনানির সময় ইউনূস আদালতে ছিলেন। বুধবার কেন্দ্রীয় ব্যাংক অপসারণের আদেশ জারির পর নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দেন। বুধবার রাতেই তিনি ড. কামাল হোসেনের বাড়িতে যান। তখন তিনি সাংবাদিকদের বলেন, "এটি (অপসারণ) একটি আইনগত বিষয়। আইনগতভাবে কীভাবে তা মোকাবেলা করা যায়, সে সম্পর্কে পরামর্শ করতে এসেছি।" বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্টে উপস্থিত হন ইউনূস। সকাল পৌনে ১১টার দিকে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "আমরা রিট আবেদন দায়েরের অনুমতি নিয়েছি। আবেদন করার প্রক্রিয়া চলছে।" ড. কামালের চেম্বারের আইনজীবী রমজান আলী সকাল সোয়া ১১টার দিকে সাংবাদিকদের বলেন, "রিট আবেদন হয়েছে। দুপুরের পর এর ওপর শুনানি হতে পারে।" ইউনূস ব্যক্তিগতভাবে রিট আবেদনটি দায়ের করেছেন। তার পক্ষে আইনজীবী রয়েছেন সারা হোসেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইউনূসকে শেষবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ কারণেই বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণের আদেশ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। তবে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইন বুধবার এক লিখিত বক্তব্যে বলেন, "গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ সংক্রান্ত আইনসমুহ যথাযথভাবে পালন করেছে। ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস যথারীতি তার পদে বহাল আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩০০ ঘ.