২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতাবস্থা জারি: শপথ নিতে পারেননি কক্সবাজারের মেয়র-কাউন্সিলররা

হাইকোর্টের এক আদেশের কারণে বুধবার শপথ নিতে পারেননি কক্সবাজার জেলার চর পৌরসভার নবনির্বাচিত চার মেয়র ও ৪৮ জন কাউন্সিলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

কক্সবাজার, মার্চ ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের এক আদেশের কারণে বুধবার শপথ নিতে পারেননি কক্সবাজার জেলার চর পৌরসভার নবনির্বাচিত চার মেয়র ও ৪৮ জন কাউন্সিলর। এ কারণে কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র সরওয়ার কামাল বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও পরে তা প্রত্যাহার করে নেন। সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিতে বুধবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামে যান। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অপেক্ষার পরও শপথ নিতে না পেরে ফিরে যান তারা। ঢাকা থেকে পাঠানো হাইকোর্টের এক আদেশের কারণে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের ফেরত পাঠানো হয়। তাদের জানানো হয়, বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ কক্সবাজার, মহেশখালী, চকরিয়া ও টেকনাফের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের ওপর 'স্থিতাবস্থা' বজায় রাখার নির্দেশ দিয়েছে। মহেশখালী পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী সরওয়ার আজমের (সরকার সমর্থিত) করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুধবার দুপুরে এই আদেশ দেয়। সরওয়ার আজমের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, নির্বাচন কমিশন গত ১৯ ফেব্র"য়ারি এখতিয়ার বহির্ভূতভাবে কক্সবাজার জেলার চার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পড়ানোর জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে চিঠি দেয়। সরওয়ার আজম ওই চিঠিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদন করেন। কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র সরওয়ার কামাল জানান, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয়েছিল, বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ অনুষ্ঠান হবে। তিনি বলেন, "আমরা যথাসময়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হাজির হয়েছিলাম। কিন্তু তিন দফা সময় পিছিয়ে শেষ পর্যন্ত বিকাল ৫টা ৪৭ মিনিটে আমাদের জানানো হয়, শপথ অনুষ্ঠান হচ্ছে না।" কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ বলেন, "হাইকোর্টের স্থিতাবস্থার কারণে শপথ পড়ানো সম্ভব হয়নি।" সরওয়ার কামালের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ এরশাদ জানান, বিকালে শপথ অনুষ্ঠান না হওয়ার ঘোষণার পরপরই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা চট্টগ্রাম সার্কিট হাউজ এলাকায় জড়ো হন। এ সময় বৃহস্পতিবার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন সরওয়ার কামাল। চকরিয়ার পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম হরতালের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সরওয়ার কামাল পরে সাংবাদিকদের বলেন, "শপথ অনুষ্ঠান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বুঝতে পেরে হরতালের ডাকা হয়েছিলো। তবে জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরের অনুরোধে তা প্রত্যাহার করা হয়েছে।" তিনি বলেন, "আইনগতভাবে এর মোকাবেলা করা হবে।" গত ২৭ জানুয়ারি কক্সবাজার জেলার চার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ ফেব্র"য়ারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০২২ ঘ.