নারায়ণগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশকে মারধর করে পালিয়ে গেছে এক আসামি। এ সময় এক কনস্টেবল আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদাবাজি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেনকে (৩০) গ্রেপ্তার করতে গেলে তিনি ও তার বাবা আব্দুল বারেক পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় আনোয়ার পালিয়ে যায়। পুলিশ বারেককে (৫০) গ্রেপ্তার করে বলে এসআই জানান।
আহত জহিরুলকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, হামলার অভিযোগে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩৪৮ ঘ.
bdnews24