২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার মেজিস্ট্রেট

কুড়িগ্রামে রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা কবরস্থান উচ্ছেদ করতে গিয়ে বিক্ষুদ্ধ জনতার হামলার শিকার হয়েছেন ম্যাজিস্ট্রেটসহ চার রেল কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

কুড়িগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা কবরস্থান উচ্ছেদ করতে গিয়ে বিক্ষুদ্ধ জনতার হামলার শিকার হয়েছেন ম্যাজিস্ট্রেটসহ চার রেল কর্মকর্তা। বুধবার দুপুরে নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও রেল কর্তৃপক্ষ জানিয়েছে। আহত রেল কর্মকর্তা আবু সাঈদকে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ফেটে গেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলওয়ের ৫০ শতক জমি সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি ওই জমি দখল করে একটি অংশে কবরস্থান গড়ে তোলে। কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে রেলওয়ে ডিভিশনের এস্টেট অফিসার আবু সাঈদ, মিটিগেশন ইন্সপেক্টর শফিকুল ইসলাম, হেড ক্লার্ক হাফিজুর রহমান, সার্ভেয়ার মোয়াজ্জেম বুধবার পুলিশ নিয়ে জায়গাটি অবৈধ দখলমুক্ত করতে যান। কিন্তু তারা কবরস্থানের বাঁশের বেড়া খুলতে শুরু করলেই কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। সদর থানার ওসি মো. ময়নুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। তবে পুলিশ শান্ত থেকে সবাইকে নিরাপত্তা দিয়েছে।" নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, হামলা হলেও লাঞ্ছিত বা আহত হননি তিনি। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩৪৫ ঘ.