ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের জামিন আদেশের সত্যতা যাচাইয়ের আগে আসামিকে মুক্তি না দেওয়ার জন্য অধঃস্তন আদালতগুলোকে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্টার মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, "ইদানিং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নামে জাল জামিনাদেশ সৃজন ও প্রদর্শন করে অধঃস্তন আদালত হতে আসামীদের জামিনে মুক্ত করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।"
এই প্রবণতা রোধ করতে জামিন আদেশের অনুলিপি পাওয়ার পর হাইকোর্টের ফৌজদারি শাখার সহকারী রেজিস্ট্রার (৯৫৬২৯৪১-২, ৯৫৬২৯৪৪, ৯৫৬৭৩০৪ এক্সটেনশন ২৩২০, মোবাইল ফোন- ০১৭১৪২৬৩৩২৬) বা ডেপুটি রেজিস্ট্রারকে (৭১৭১৪৮১, ০১৭১৫০৫৮২৬৮) টেলিফোনে বিষয়টি অবহিত করতে হবে। জামিন আদেশের সত্যতা সংশ্লিষ্ট আদালতকে ফ্যাক্সযোগে নিশ্চিত করা হবে। ফ্যাক্স না থাকার ক্ষেত্রে টেলিফোনেও জামিনাদেশের সত্যতা যাচাই করা যাবে।
নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধঃস্তন আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর কোনো আসামিকে জামিনে মুক্ত করতে পারবে না বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এএল/পিডি/২২২৯ ঘ.
bdnews24