চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদী দূষণের অভিযোগে চট্টগ্রামের হাক্কানী পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বুধবার বোয়ালখালী উপজেলার চরখিদিরপুরে নদীতীরের এ কারাখানাকে অর্থদণ্ডের পাশাপাশি দেড়মাসের মধ্যে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশ দেন।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাক্কানী পেপার মিল গত ২০ বছর ধরে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই কাগজ উৎপাদন করে আসছে।
তিনি জানান, কারখানা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য কোনো পরিশোধন ছাড়াই কর্ণফুলী নদীতে ফেলে এর পানি দূষিত করা হচ্ছে।
এছাড়া নদীর তীরে কারখানার পাশে এর দূষিত কঠিন বর্জ্য স্তুপাকারে রাখা হয়েছে, যা জোয়ারের সময় নদীর উজানের দিকে গিয়ে পানি দূষণ করছে। এর অদূরেই চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার কেন্দ্র অবস্থিত, যা কর্ণফুলীর উজান থেকে পানি সংগ্রহ করে থাকে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, ওই এলাকায় কর্ণফুলীর পানি পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম পাওয়া গেছে, যা স্বাভাবিক জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
এছাড়া পেপার মিলটি ১৯৯৩ সাল থেকেই কোনো বর্জ্য পরিশোধন প্ল্যান্ট এবং পরিবেশ ছাড়পত্র ছাড়াই কাগজ উৎপাদন করে আসছিল।
হাক্কানী পেপার মিলে প্রতিদিন ২৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০২৬ ঘ.
bdnews24