২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমশুমারিতে সাফল্যে সাংসদদের সাহায্য চান পরিকল্পনামন্ত্রী

আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাঁচদিনব্যাপি আদমশুমারি ও গৃহগণনা সফলভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাঁচদিনব্যাপি আদমশুমারি ও গৃহগণনা সফলভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। পঞ্চম আদম শুমারি ও গৃহগণনা-২০১১ উপলক্ষ্যে সংসদে বুধবার ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানান মন্ত্রী। এ কে খন্দকার জানান, সরকারের সিদ্ধান্ত অনুসারে ১৫-১৯ মার্চ সারাদেশে এ শুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। এ গণনার মাধমে দেশের ভেতরে অবস্থিত সব মানুষ ও গৃহগণনা করা হবে। তবে ১৪ মার্চ দিবাগত রাত (১৫ মার্চ শূন্য মুহূর্ত থেকে) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে একযোগে শুধু ভাসমান লোকদের (রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, ফুটপাত কিংবা সিঁড়ির নিচে রাত যাপন করে) গণনা করা হবে। তিনি জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২৭ জানুয়ারি আদমশুমারি ও গৃহগণনা ২০১১ এর এদ্বাধনী খাম ও ডাকটিকিট অবমুক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজ যথাযথ মানসম্মত ও সবার কাছে গ্রহণযোগ্য হয় সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা নিতে নির্দেশ দিয়েছেন। এ কে খন্দকার জানান, জাতীয় সংসদসহ সব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, জাতীয় সম্পদের বণ্টন, চাকরি ক্ষেত্রে কোটা নির্ধারণ ইত্যাদিসহ দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে শুমারির তথ্য ব্যবহার করা হয়। মন্ত্রী জানান, আদমশুমারি ও গৃহগণনা নির্ভুলভাবে শেষ করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে গণনা এলাকার নির্ধারণের জন্য স্পার্সোর মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হচ্ছে। শুমারিতে তথ্য সংগ্রহে তিন লাখ ১০ হাজার গণনাকারী নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কার্যক্রম তত্ত্বাবধানে বিভিন্ন সংস্থার মাঠপর্যায়ের ৫০০ কর্মকর্তা ছাড়াও ২৮ উপ সচিবকে যুক্ত করা হয়েছে। এবার তথ্য সংগ্রহের জন্য ইন্টেলিজেন্ট ক্যারেকটার রিকগনিশন (আইসিআর) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। শুমারি গ্রহণযোগ্য করার জন্য আলাদা একটি সংস্থার মাধ্যমে শুমারি পরবর্তী জরিপ (পোস্ট ইন্যুমেলেমন চেক) করা হবে। শুমারির ওপর মোট ১৩৫টি প্রতিবেদন ২ বছরের মধ্যে প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২০১৯ ঘ.