২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী নির্যাতন প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাব হবে'

নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোর-কিশোরী ক্লাব গঠনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোর-কিশোরী ক্লাব গঠনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বুধবার বলেছেন, "এর মাধ্যমে কিশোর-কিশোরীরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শন করতে শিখবে। যৌতুক বাল্য বিবাহসহ বিভিন্ন কুসংস্কারের বিষয়ে ধারণা পাবে।" তিনি জানান, এ বছরের জুলাই থেকে সরকারের অর্থায়নে এ কর্মসূচি শুরু হবে। ইউনিসেফের সহযোগিতায় এ ধরনের একটি কর্মসূচি চলমান রয়েছে। যার মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হবে। রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের এক সম্মেলনে কথা বলছিলেন প্রতিমন্ত্রী। দুইদিন ব্যাপি এ সম্মেলনের আয়োজক মহিলা বিষয়ক অধিদপ্তর। ইম্পাওয়ারমেন্ট এণ্ড প্রটেকশন অব চিলড্রেন (ইপিপি) কর্মসূচির আওতায় এ কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এই কর্মসূচির উপ-পরিচালক জাকিয়া ইয়াসমিন জোয়ারদার। জাকিয়া জানান, একই ধরনের কর্মসূচি অধীনে সরকারের অর্থায়নে এ বছরের জুলাই থেকে সাতটি জেলায় ৩৭৯টি ক্লাব প্রতিষ্ঠা করা হবে। এ কর্মসূচি চলবে ২০১৪ সালের জুন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৯ ঘ.