ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীতে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৬ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও এ কার্যক্রমে ট্রাকের সংখ্যা আরো ৫০টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে মঙ্গলবার এ কার্যক্রম বন্ধ থাকবে।
এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ওএমএস কার্যক্রম পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে রাজধানীতে সপ্তাহে ৫ দিন ২০০টি ট্রাকে ওএমএস-এর চাল বিক্রি করা হচ্ছে।
ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্রবার থেকে ইউনিয়ন পর্যায়ে প্রতিজন ডিলার এক টনের পরিবর্তে দেড় টন করে ওএমএস'র চাল বিক্রি করবে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এবং সিলেট বিভাগের জেলাসমূহ, খুলনা ও সাতক্ষীরাসহ যেসব এলাকায় আতপচাল বিক্রি করা হয়, সেসব জেলার ইউনিয়ন পর্যায়ের ডিলাররা এক টনের পরিবর্তে দুই টন এবং একজন ডিলারের পরিবর্তে দু'জন করে ডিলার চাল বিক্রি করবে।
সভায় জানানো হয়, সরকারি গুদামে মোট নয় লাখ দুই হাজার ৪৮২টন খাদ্যশস্য মজুত রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরে আরো দুই লাখ ১৮ হাজার টন খাদ্যশস্য খালাস হচ্ছে।
গত বছর এ সময়ে সরকারি গুদামে খাদ্যশস্য মজুত ছিল সাত লাখ ৯৫ হাজার টন।
খাদ্য সচিব বরুণ দেব মিত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর ঊর্ধতন কর্মকর্তরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯১৭ ঘ.
bdnews24