২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতদের পরিবারকে মরিশাস সরকারের অনুদান

মরিশাসে গত জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারকে অনুদান দেবে সেদেশের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিশাসে গত জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারকে অনুদান দেবে সেদেশের সরকার। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুহাজার আটশ মার্কিন ডলার করে অনুদান দেওয়া হবে। মরিশাসের শ্রমমন্ত্রী শাকিল আহমেদ বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও বীমার টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। শাকিল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ১১ [১০] জনের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে তিনি অনুদান নিয়ে এসেছেন। "বৃহস্পতিবার সকালে এই অনুদান হস্তান্তর করা হবে," বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মরিশাসের শ্রমমন্ত্রী। তিনি বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও সততার প্রশংসা করেন। ১৯৯৫ সাল থেকে মরিশাসে কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ। বর্তমানে সেখানে ১৩ হাজার কর্মী রয়েছেন যাদের নয় হাজার মহিলা। মরিশাস যাওয়ার ১১ দিন পর গত ১২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হন। এতে এক মরিশাসীও মারা যান। নিহতদের সাতজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এরা হলেন- আখতার (বাবা: আলি আবজাল), আল মামুন (বাবা: কিমা ইউসুফ), জয় হোসেন (বাবা: তাহের মিয়া), মো. মোস্তাফিজুর রহমান (বাবা: মো. আব্দুল হাকিম), মো. রাকিবুল হাসান (বাবা: মো. আলি আফজাল), মোহাম্মদ সাইদুর (বাবা: রশিদ মিয়া রহমান) ও সাগর (বাবা: জাজু মিয়া)। নিহত বাকি তিনজনের বাড়ি কুমিল্লায়। এরা হলেন- মো. জাহিদুল (বাবা: জালালাউদ্দিন), মোক্তার (বাবা: মনু মোল্লা) ও সেলিম (বাবা: রেণু মিয়া)। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮৫৫ ঘ.