২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া থেকে ফিরলেন আরো ৫৫৮ জন

লিবিয়া থেকে মিসর ও তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া বাংলাদেশিদের মধ্যে ৫৫৮ জন বুধবার দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে মিসর ও তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া বাংলাদেশিদের মধ্যে ৫৫৮ জন বুধবার দেশে ফিরেছেন। বৃহস্পতি ও শুক্রবার আটটি ফ্লাইটে আরো ২৪৬ জন দেশে ফিরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় মিশরের কায়রো থেকে বাহরাইন হয়ে গালফ এয়ারের একটি ফ্লাইটে করে ভোর ৪টা ৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান ৩৬ জন। এরপর দুুপুর সোয়া ২টা থেকে পৌঁনে ৩টার মধ্যে তিনটি ভাড়া করা বিমানে আরো ৫২২ জন বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশে আইওএমর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি ভাড়া করা বিমানের প্রত্যেকটিতে ১৭৪ জন করে এসেছেন। তারা এসেছেন তিউনিসিয়া ও মিসর সীমান্ত থেকে শারজা হয়ে। চোখেমুখে আনন্দ, হাত খালি প্রবাসীদের ফেরার খবর পেয়ে স্বজনরা সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন। লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিরা ইমিগ্রেশন পার হয়ে বাইরে আসার পর স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। চোখে-মুখে দেশে ফেরার আনন্দ দেখা গেলেও বেশিরভাগই এসেছেন খালি হাতে। "১৯ মাস আগে ৩ লাখ টাকা খরচ করে লিবিয়া গিয়েছিলাম। এক বছরে এক লাখ টাকা পাঠিয়েছি। এ বছর পাঠানোর জন্য পাঠিয়েছিলাম। এ বছর পাঠানোর জন্য ৬০ হাজার টাকা গুছিয়েছিলাম। কোম্পানির কাছেও কিছু পাওনা ছিল। তবে বিক্ষোভ শুরু হওয়ায় কোম্পানি তা পরিশোধ করেনি। এখন আমার কাছে আছে মাত্র ২ টাকা", বলেন বগুড়ার নজরুল ইসলাম। নজরুল লিবিয়ায় আল মারুফ নামক একটি কম্পানিতে কাজ করতেন। তিনি আরো বলেন, "লিবিয়ায় অবস্থা খুবই খারাপ। বিক্ষোভকারীদের ৯০ ভাগই ছিনতাই ও লুটপাটকারী। তারা আমার কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।" শুধু নজরুল নয়, মানিকগঞ্জের নূরুল আলম, জামালপুরের আব্দুল মোতালেব- এদের সবারই একই অবস্থা। নূরুল আলম বলেন, "দেশে পৌছানোর পর সরকার যদি এক হাজার টাকা না দিত তাহলে আমরা বাড়ি যেতে পারতাম না। কিন্তু আমরা সবাই ওখানে গিয়েছিলাম ভাগ্য পরিবর্তনের জন্য।" মোতালেব বললেন, বলেছিলাম অনেক কিছু নিয়ে আসবো। বেঁচে ফিরছি- পরিবারের সদস্যদের জন্য এখন এটিই সান্ত্বনা। প্রত্যেককে মিষ্টি ও পানি বুধবার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। যারা ফিরে আসছে সরকারের তরফ থেকে প্রত্যেককে ১ প্যাকেট মিষ্টি ও এক বোতল পানি এবং বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য এক হাজার টাকা দেওয়া হচ্ছে। গাড়িতে করে বিমানবন্দর থেকে বাস ও রেল টার্মিনালে পৌঁছে দেওয়া হচ্ছে। বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, লিবিয়া থেকে সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। নিরাপত্তাহীনতার কারণে লিবিয়ার ভিতরে থেকে যারা সীমান্তে চলে গেছে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। এর আগে গত সোমবার ১০১ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফেরেন। গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ কয়েক হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। লিবিয়ায় অবস্থানকারী বিদেশিদের মধ্যে মিসরীয়দের পর বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ। বৃহস্পতি ও শুক্রবার ফিরছেন ২৪৬ জন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতি ও শুক্রবার মোট আটটি ফ্লাইটে ২৪৬ জন দেশে ফিরবেন। বৃহস্পতিবার ফিরবেন ২০৬ জন এবং শুক্রবার ৪০ জন। এর মধ্যে বৃহস্পতিবার ইতিহাদের তিনটি ফ্লাইটে ২৬ জন, গালফ্ এর তিনটিতে ১৩২ জন ও কাতার এয়ারলাইন্সের একটিতে আসবেন ৪৮ জন। পরদিন গালফ্ এয়ারের একটি ফ্লাইটে একসঙ্গে ৪০ জনকে দেশে ফিরিয়ে আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/এএল/পিডি/২২৫৭ ঘ.