২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মী নিয়োগে বাংলাদেশ-মরিশাস সমঝোতা হতে পারে

কর্মী নিয়োগ বিষয়ে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মী নিয়োগ বিষয়ে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। বুধবার দুই দেশের শ্রমমন্ত্রীরা জানান, এতে বাংলাদেশ থেকে মরিশাসে কর্মী নিয়োগ বৃদ্ধি, স্থায়িত্ব ও কর্মীদের সুযোগ-সুবিধা বাড়বে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে মরিশাসের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শাকিল আহমেদ ইউসুফ আবদুল রাজাক মোহাম্মদ সাংবাদিকদের বলেন, "আমরা সমঝোতা চুক্তিটির চূড়ান্ত পর্যায়ে রয়েছি বলা যেতে পারে। কলম্বো প্রসেস বৈঠকে এটি একেবারেই চূড়ান্ত ও সাক্ষ্যরিত হতে পারে।" তিনি বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও সততার প্রশংসা করেন। বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, "বৈঠকে বাংলাদেশ থেকে মরিশাসে আরো কর্মী নিয়োগসহ অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। গার্মেন্ট, প্রক্রিয়াজাতকরণ ও সেবা ছাড়াও অন্য খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে বলে তারা আমাদের জানিয়েছেন।" তবে এই সংখ্যা কত হতে পারে, তা তারা জানাতে পারেননি। "এ ছাড়া গার্মেন্টখাতে সুপারভাইজার লেবেলে মহিলা কর্মীদের পাশাপাশি এখন থেকে পুরুষ কর্মীদেরও নেওয়া হবে। নিমার্ণ ও রিয়েল এস্টেট যে সেক্টরেই শ্রমিক লাগবে, বাংলাদেশ থেকে নেওয়া হবে," বলেন মোশাররফ হোসেন। বৈঠকে মরিশাসে কর্মরত বাংলাদেশিদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোরও অনুরোধ করা হয়। ১৯৯৫ সাল থেকে মরিশাসে কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ। বর্তমানে সেখানে ১৩ হাজার কর্মী রয়েছেন যাদের নয় হাজার মহিলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮০৫ ঘ.