২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির ট্যাংকে শিশুর লাশ

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার একটি ভবনের পানির ট্যাংক থেকে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 07:48 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার একটি ভবনের পানির ট্যাংক থেকে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ৩/১৯ নম্বর বাড়ির পাঁচ তলা ভবনের গাড়ি পার্কিং জায়গায় পানির রির্জাভ ট্যাংকে লাশটির সন্ধান পাওয়া যায়। নিহত শিশুর নাম সাদিয়া আক্তার (৪)। একই এলাকার ২৫ থেকে ৩০ গজ দূরত্বের মধ্যে ৩/১৮ নম্বর টিনশেড বাড়ির বাসিন্দা সাদিয়া তিন দিন ধরে নিখোঁজ ছিলো। ওই ভবনের বাসিন্দারা পানিতে দুর্গন্ধ পেয়ে রিজার্ভ ট্যাংকের ঢাকনি খুলে লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আবুল হোসেন নামে ওই ভবনের এক বাসিন্দা বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকমকে বলেন, "গত দুইদিন ধরেই পানির মধ্যে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিলো। পানির ফোটানোর সময় এক ধরনের আস্তরণও পড়ে। বুধবার সকালে পানির মধ্যে দুর্গন্ধের তীব্রতা বাড়ে।" এরপরই সন্দেহবশত ট্যাংকের ঢাকনি খুলে লাশ দেখতে পাওয়া যায়। সাদিয়ার পালিত বাবা এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার দুপুর ১২টার পর থেকে সাদিয়া নিখোঁজ। নিখোঁজ হওয়ার পর তিনি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া স্থানীয়ভাবে মাইকিং এবং পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তিও দেন বলে জানান। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিল হোসেন জানান, ঘটনাটি হত্যা না দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৫৩৭ ঘ.