২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

ঢাকার কেরানীগঞ্জে সরকার সমর্থক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে সরকার সমর্থক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত মো. রবি হোসেন (৩৭) কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসম্পাদক ছিলেন বলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনসার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার প্রথম প্রহরে উপজেলার অমৃতপুর সান রাইজ কিন্ডার গার্র্টেনের সামনে খুন হন রবি। রবি হত্যার এক সপ্তাহ আগেই ঢাকার জুরাইনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ। এক মাস আগে আগারগাঁওয়ে নিহত হন আওয়ামী লীগের আরেক নেতা। রবির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলের রাওতিতে হলেও তিনি কেরানীগঞ্জের অমৃতপুর এলাকায় থাকতেন। জমি নিয়ে বিরোধের জের ধরেই রবি খুন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। রাত দেড়টায় নিজের রিকশা গ্যারেজ থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে রবিকে হত্যা করে বলে তার ছেলে আবির জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা রিকশা গেরেজ ছাড়াও জমিজমার ব্যবসা করতেন। স্থানীয় ইসলাম, বাদল ও কমলের সঙ্গে বাবার জমি নিয়ে বিরোধ ছিলো। তারাই বাবাকে হত্যা করতে পারে।" কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবির লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আবির মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/এমআই/১২৪৫ ঘ