মাদারীপুর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরের একটি বাজারে ডাকাতের হামলায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
বুধবার ভোররাতে বন্দরখোলা বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম জয়নাল হাওলাদার (২৪)। তার বাড়ি পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে বন্দরখোলা বাজারে চারটি দোকানে হানা দেয় ডাকাত দল। ডাকাতিতে বাধা দিলে তারা নৈশপ্রহরী জয়নালকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।"
বাজারের জুয়েল কম্পিউটার, নুরুজ্জামানের চালের দোকান, সিদ্দিক মাদবর ও ইউসুফ খানের মুদি দোকানে ডাকাতি হয়। চারটি দোকানের ৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা পুলিশকে জানিয়েছে।
শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক জানান, জয়নালের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে একটি হত্যা মামলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24