কক্সবাজার, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার প্রথম প্রহরে তার ওপর হামলা হয় বলে পুলিশ ও বিএনপি নেতারা জানিয়েছেন।
আহত জালাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির কার্যকরি পরিষদের সদস্য জালাল হ্নীলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বাবা প্রয়াত গফুর মিয়া চৌধুরী বিএনপি সংসদ সদস্য ছিলেন।
জালাল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন জানিয়ে বিএনপি নেতারা বলছেন, তার প্রতিপক্ষ সরকারদলীয় নেতারাই এ হামলার সঙ্গে জড়িত।
টেকনাফ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হ্নীলা ইউনিয়নের পানখালীতে একটি ওয়াজ মাহফিল থেকে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন জালাল। পথে ১০-১৫ জন দুষ্কৃতকারী তাকে আটকে 'জবাই' করে হত্যার চেষ্টা চালায়। জালালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
জালালকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় কক্সবাজার হাসপাতালে।
আবদুল্লাহ বলেন, "তার (জালাল) গলা ও ঘাড় গভীরভাবে কেটে গেছে। দুটি স্থানে ২০টি সেলাই দেওয়া হয়েছে।"
তিনি দাবি করেন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মোহাম্মদ হাশেম সাংবাদিকদের বলেন, মাহফিল থেকে ফেরার পথে জালাল চৌধুরীকে কয়েকজন যুবক ছুরিকাঘাত করেছে।
ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে জানান তিনি। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪০ ঘ.
bdnews24