২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও সিরাজগঞ্জে তিনজন খুন

রংপুর ও সিরাজগঞ্জে দুই কৃষক এবং পবানায় এক চরমপন্থীকে হত্যা করেছে দুস্কৃতকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও সিরাজগঞ্জে দুই কৃষক এবং পবানায় এক চরমপন্থীকে হত্যা করেছে দুস্কৃতকারীরা। এর মধ্যে রংপুরের মিঠাপুকুরে এক কৃষক ও পাবনার সদর উপজেলায় এক চরমপন্থীকে জবাই করে এবং সিরাজগঞ্জের সদর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার পুলিশ তাদের লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- রংপুর : মিঠাপুকুরে তাহারত আলী (৪৫) নামের এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার চরগঙ্গারামপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে রংপুর থেকে বাড়ি ফেরার পথে খুন হন তাহারত। দুস্কৃতকারীরা তার লাশ বাড়ির কাছে একটি গর্তে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান। সিরাজগঞ্জ : সদর উপজেলায় ফরিদ আলী (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ফরিদ নিজের জমির সেচ কাজ দেখতে বের হন। এ সময় একই গ্রামের আলিম শেখকে (২৬) এক গৃহবধূর (২৮) সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন। এর জের ধরে আলিম ফরিদকে কুপিয়ে হত্যা করে বলে মনিরুল জানান। এ ঘটনার বিক্ষুব্ধ গ্রামবাসী আলিমের বাড়ির ৩টি টিনের ঘর ও একটি ট্রাকটর পুড়িয়ে দেয়। পুলিশ ওই গৃহবধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ফরিদ আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে এসআই জানান। পাবনা : সদর উপজেলায় ইসমাইল হোসেন নামে এক চরমপন্থীকে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজাপুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার ওসি এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত ইসমাইল সর্বহারা সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।" তার বাড়ি আতাইকুলা থানার হরিপুর গ্রামে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে ইসমাইল নিহত হতে পারে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২৪৩ ঘ.