২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ে: নোয়াখালীতে ৯ জনকে জরিমানা

নোয়াখালীর সেনবাগে অপ্রাপ্তবয়স্ক এক মাদ্রসা ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

নোয়াখালী, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগে অপ্রাপ্তবয়স্ক এক মাদ্রসা ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাালত। সেনবাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদলতের বিচারক মুহাম্মদ আনোয়ার পাশা সোমবার রাতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা রাতেই জরিমানা পরিশোধ করে মুক্ত হন। ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ডমুরুয়া ইউনিয়নের পাইথক গ্রামের ইব্রাহিম খলিলের দাখিল পরীক্ষার্থী মেয়ে শাহেনা আক্তারকে (১৫) গত ২৬ ফেব্র"য়ারি একই ইউনিয়নের ডমুরুয়া গ্রামের কালা মিয়ার ছেলে আলাউদ্দিনের (২৮) সঙ্গে বিয়ে দেওয়া হয়। কনে অপ্রাপ্তবয়স্ক বলে কাবিন রেজিস্ট্রি না করেই এ বিয়ে দেয় দুই পরিবার। খবরটি জানার পর বর ও কনের বাবা-মা, বিয়ের মৌলভী এবং সাক্ষীদের সোমবার বিকেলে ইউএনও কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে তাদের বক্তব্য শুনে কনের বাবা-মা প্রত্যেককে সাড়ে তিন হাজার টাকা, বরের বাবা-মা ও বিয়ের মৌলভী প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ওই বিয়ের সময় সাক্ষী হিসেবে উপস্থিত থাকা ফারুক আহম্মেদ, জালাল আহম্মেদ, দলিলুর রহমান ও আবদুল গোরফানকে এক হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া শাহেনা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকারি উপবৃত্তির যে টাকা পেয়েছে, তা তিন দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য তার বাবা ইব্রাহিম খলিলকে নির্দেশ দিয়েছে আদালত। তা না হলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২১৬ ঘ.