চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের (ইউপিপিআরপি) আওতায় প্রথমবারের মতো চট্টগ্রামে 'নগর খাদ্য উৎপাদন দিবস-২০১১' উদযাপন হয়েছে মঙ্গলবার।
ইউএনডিপি, যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) এ প্রকল্প বাস্তবায়ন করছে।
দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর মুসলিম হলে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র মনজুর আলম।
সিসিসি'র প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইয়সেন্স ইউনিভার্সিটির (সিভাসু) উপাচার্য ড. এস এম মাহফুজুল বারি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পটিয়া উদ্যান উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ ও প্রকল্পের নগর ব্যবস্থাপক সৈয়দ নুর আহমেদ বাবর।
মেয়র জানান, এ প্রকল্পের অধীনে ইতিমধ্যে সিসিসি নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট চারশ দুই জনকে বসতভিটায় সব্জি চাষ, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ, ছাগল পালন, গরু মোটাতাজাকরণ, মাশরুম চাষ এবং পোল্ট্রি ভ্যাকসিনেটর উন্নয়নে অনুদান দিয়েছে।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রকল্পের অবকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় তিন কোটি ৪৬ লাখ তিন হাজার একশ চার টাকা এবং আর্থসামাজিক তহবিলের আওতায় দুই কোটি ১৩ লাখ ৪৪ হাজার ছয়শ ৭২ টাকার কার্যক্রম চলমান।
এর মধ্যে আর্থ সামাজিক তহবিলের অধীনে এক হাজার পাঁচশ একজন বেকার যুবক-নারীকে প্রশিক্ষণ, তিনশ ৮৬ জনকে ক্ষুদ্র ব্যবসার জন্য মূলধন এবং এক হাজর ৭৫ শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০৪২ ঘ.
bdnews24