ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সব কার্যক্রমের উপর স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দেয় আদালত।
পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, বিদ্যুৎ সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি, পিডিবির চেয়ারম্যান এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পরিচালককে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সোমবার দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রুল জারি করে।
রিট আবেদনরে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ২০ মার্চ।
খুলনায় ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য গত বছরের অগাস্টে নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারত একটি সমঝোতা স্মারক সই করে।
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
গত ডিসেম্বরে প্রকল্প এলাকার জমির মালিকরা রামপালে জমি অধিগ্রহণ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন। দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুমকি দেন তারা
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, বাগের হাটের কাটাখালি মৌজায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১০ সালের মাঝামাঝির দিকে দ্ইু হাজার একর জমি অধিগ্রহণের জন্য স্থানীয় জনগণকে একটি নোটিশও দেওয়া হয়।
আদালতে মনজিল মোরসেদ বলেন, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটাভুটি চলছে। সুন্দরবনও আলোচনায় রয়েছে। এটি কেবল বাংলাদেশের নয়, বিশ্বেও এটি সমান গুরুত্বপূর্ণ। তাই এখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে এই বনের উপর আঘাত আসবে।
এসব যুক্তি দেখিয়ে তিনি আদালতের নির্দেশনা প্রার্থনা করেন।
রাাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২০০০ ঘ.
bdnews24