২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পরিস্থিতিফিরছেন আরো ৫২৬ জন

লিবিয়া থেকে তিউনিসিয়া ও গ্রিসে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের মধ্যে ৫২৬ জন বুধবার দেশে ফিরছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে তিউনিসিয়া ও গ্রিসে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের মধ্যে ৫২৬ জন বুধবার দেশে ফিরছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে ৩৮৩ জন এবং ১৪৩ জন তাদের চাকরিদাতার তত্ত্বাবধানে দেশে আসছেন। মঙ্গলবার পরারষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার ১০১ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফেরেন। পরারষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিদের সহযোগিতা দিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি 'অভ্যর্থনা কেন্দ্র' খোলা হয়েছে। আইওএমর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিনে আরো বাংলাদেশি নাগরিকের দেশে ফেরার বব্যস্থা করবে তারা। এর আগে সোমবার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সাংবাদিকদের জানান, দুই-এক দিনের মধ্যে আরো এক হাজার বাংলাদেশি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, মিশরের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৩ মার্চ নাগাদ ৬৭০ জন বাংলাদেশিকে উড়োজাহাজে করে দেশে পাঠানো হবে। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম) আরো ৩৬২ জনকে পাঠাবে। এরই মধ্যে ৮০৪ বাংলাদেশি গ্রিসে পৌঁছেছেন। আরও দুই হাজার জন ৩ মার্চের মধ্যে পৌঁছাবেন। মোট ৮ হাজার ৮৬৭ জনকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা আনার প্রস্তুতির কথা জানিয়ে সচিব বলেন, তাদের নিয়োগদাতা কোম্পানিগুলোই এই ব্যয় বহন করবে। গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ কয়েক হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। লিবিয়ায় অবস্থানকারী বিদেশিদের মধ্যে মিসরীয়দের পর বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা শুরুর পর লিবিয়া থেকে মিসর, তিউনিসিয়া ও নাইজারে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বিভিন্নভাবে সহযোগিতা দিতে শুরু করে আইওএম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় তাদের। এই পরিপ্রেক্ষিতে আইওএম মিসর, তিউনিসিয়া ও নাইজার সংলগ্ন লিবীয় সীমান্তে নিয়ন্ত্রণ কক্ষ খোলে। সেখানে লিবিয়া ফেরত বাংলাদেশিসহ বিদেশিদের খাবার, পানি, কম্বল ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০৫৭ ঘ.