ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের সফররত রাজকুমারী অ্যান মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
এ সময় তারা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, গণতন্ত্রকে সুসংহতকরণ, শিক্ষার উন্নয়ন এবং বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের একমাত্র মেয়ে রাজকুমারী অ্যান তিনদিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা এসে পৌঁছান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আলোচনাকালে রাজকুমারী অ্যান নারীর ক্ষমতায়ন, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান জোরদারে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।
'বর্তমান সরকার গণতন্ত্রকে আরো সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে কাজ করে যাচ্ছে' উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।
নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার দল বিগত জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক মহিলাকে মনোনয়ন দিয়েছিলো। এছাড়া বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে মহিলারা অধিষ্ঠিত রয়েছেন।
শেখ হাসিনা বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান।
আবুল কালাম আজাদ জানান, অ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেখ হাসিনার নেতৃত্বে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসের জন্য বাংলাদেশ জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড পাওয়ায় শেখ হাসিনাকে তিনি অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশে বৃটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স উপস্থিত ছিলেন।
এছাড়া অ্যাম্বাসেডর-অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24