ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াকে অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মঙ্গলবার শুনানি শুরু হয়।
২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন।
গত ১৪ ফেব্র"য়ারি এ আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসাবে টিএইচ খান, ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, ড. এম জহির, এবিএম নুরুল ইসলাম, এএফ হাসান আরিফ, ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া ও এমআই ফারুকীকে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার শুনানিতে আপিল বিভাগের সাত বিচারপতি উপস্থিত ছিলেন। অন্য বিচারপতি নাজমুন আরা সুলতানা হাইকোর্টে এ মামলার রায় দিয়েছিলেন বলে শুনানিতে অংশ নেননি।
শুরুতেই দুই পক্ষের বক্তব্যের ভিত্তি, যুক্তি ইত্যাদি সম্পর্কে জানতে চায় আদালত।
এ সময় আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ড. কামাল হাসেন এবং আপিলকারী মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম শুনানি করেন।
কামাল হোসেন বলেন, "সব ক্ষমতার উৎস আমাদের সংবিধান। কারণ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংবিধানের পবিত্রতার ভিত রচিত হয়েছে। অতএব ফতোয়ার নামে নির্যাতনের পক্ষে কেউ কথা বললে, আমাদের দেখতে হবে সংবিধান সেই অধিকার দিয়েছে কি-না?"
ধর্মীয় বিষয়ে বিতর্ক করা কারো কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, "এটা করলে ফিৎনা ফাসাদ সৃষ্টি হয়।"
এ বিতর্কে অতীতে শিয়া-সুন্নীরা পরস্পরের ওপর মসজিদে গিয়ে হামলা করেছে বলে মন্তব্য করেন এই প্রবীণ আইনজীবী।
ক্ষমতার লড়াইয়ের জন্য ধর্মের অপব্যবহার করা হয় মন্তব্য করেন ড. কামাল বলেন, "বিতর্কের স্বার্থে বিতর্ক করা ঠিক নয়।"
নিজেদের যুক্তি সম্পর্কে আদালতে নজরুল ইসলাম বলেন, শুনানিতে আমরা ফতোয়া কাকে বলে, ফতোয়ার ইতিহাস ইত্যাদি সম্পর্কে বলবো।
তিনি বলেন, ফতোয়ার ভিত্তি হচ্ছে আল্লাহ ও কোরআন। রাসুলের আমল থেকে ধারাবাহিকভাবে ফতোয়া চলে আসছে। খোলাফায়ে রাশেদীনের আমলেও ছিলো। বাদশাহ আলমগীর সম-সাময়িক আলেমদের দিয়ে 'ফতোয়ায়ে আলমগীরী' নামে একটি বই রচনা করেছিলেন।
অপপ্রয়োগের কারণে ইসলামের অবিচ্ছেদ্য অংশ ফতোয়াকে নিষিদ্ধ করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন নজরুল।
পরে কামাল হোসেন সাংবাদিকদের জানান, আদালত বলেছেন, শুনানি অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/এএল/১৬২২ ঘ.
bdnews24