চাঁদপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে আটজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চাঁদপুর পুলিশ।
সোমবার রাত ২টায় নোয়াখালী জেলার চাটখিল থানার আলিয়া মাদ্রাসার পেছন থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর ও নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এরা ফেরিওয়ালার বেশে ডাকাতি করতো এবং বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে ওসি জানান।
আটককৃতরা হচ্ছে- তোফাজ্জল হোসেন (২৮), মামুন পাটওয়ারী (২৯), নুরুল ইসলাম ওরফে পিংকু (২৭), মাসুদ (৩০), সোহেল (২৯), স্বপন (২৭), ইসমাইল (৩০) ও মোস্তফা গাজী (৩২)। এরা চাঁদপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা।
ওসি জানান, আটককৃতদের কাছ থেকে ছুরি, কিরিচ, শাবল, টর্চ লাইট, মোবাইল সেট ইত্যাদি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৩০ ঘ.
bdnews24