ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিট আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার এ শুনানি হয়। শুনানির পরবর্তী দিন আগামী সোমবার।
সংসদে পাস হওয়ার পর ১৯৯৬ সালের ২৮ মার্চ রাষ্ট্রপতি ত্রয়োদশ সংশোধনীতে অনুমোদন দেন।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৪ সালে হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রিট আবেদনকারী পক্ষ।
মঙ্গলবার শুনানির পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আদালতে আমি বলেছি পঞ্চম সংশোধনী সংক্রান্ত রায়ের পর শাসনতন্ত্র সম্পর্কে আমাদের নতুন করে চিন্তার সুযোগ এসেছে। আমরা নতুন করে আলোকিত হচ্ছি।"
সর্বোচ্চ আদালত এর আগে সংবিধানে পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়। এর আলোকে সংবিধান পুনর্মুদ্রণের কাজ চলছে।
অ্যাটর্নি জেনারেল জানান, মঙ্গলবার আংশিক শুনানির চলার পর শুনানি মুলতবি করা হয়।
রিট আবেদনকারী সলিম উল্লাহ মারা যাওয়ায় বর্তমানে মো. আব্দুল মান্নান খান ওই রিটের বাদি হিসাবে রয়েছেন।
আদালতে আপিল আবেদনকারীর পক্ষে এমআই ফারুকীসহ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৩০ ঘ.
bdnews24