২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নদী তীরে মাটি কাটার অপরাধে ইটভাটা বন্ধ

নদী ভরাট এবং বেআইনিভাবে তীর থেকে মাটি কাটার অপরাধে চট্টগ্রামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী ভরাট এবং বেআইনিভাবে তীর থেকে মাটি কাটার অপরাধে চট্টগ্রামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রামের হালদা নদী সংলগ্ন মোহরা এলাকায় অবস্থিত মেসার্স আকতার ব্রিকস নামের ওই ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। সোমবার পরিবেশ অধিপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী অভিযান চালিয়ে এ অর্থদণ্ড ও ভাটা বন্ধের আদেশ দেন। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকতার ব্রিকস ২০০২ সাল থেকেই জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। এছাড়া ইটভাটাটি পার্শ্ববর্তী হালদা নদীর তীর থেকে বেআইনিভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করে আসায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অভিযানে দেখা গেছে, ইটভাটাটি নদীর ৬০০ বর্গফুট জায়গা ইট দিয়ে অবৈধভাবে দখল করেছে। মুনীর চৌধুরী জানান, বেআইনিভাবে ভাটা পরিচালনা এবং পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে অর্থদণ্ডের পাশাপাশি তা বন্ধ করে দিয়ে মালিককে অবিলম্বে এর চিমনি ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২০২৩ ঘ.