বাগেরহাট, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামে এক বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা গ্রীল ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
সোমবার ভোররাতে মো. সাইফুল্লাহ নামের এক সৌদী প্রবাসীর বাড়িতে এ ডাকাতি হয়।
ডাকাতিকালে সাইফুল্লাহর ছোট ভাই আসাদুল্লাহ কৌশলে মোবাইল টেলিফোনে প্রতিবেশী ও আত্মীয়দেরকে বিষয়টি জানান। এতে প্রতিবেশী ও গ্রামবাসীরা এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে।
ডাকতরা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে এবং আব্দুল হান্নান সরদার (৪৫) নামের এক ডাকাতকে ধরে ফেলে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হান্নান সরদার পুলিশকে জানান, তিনি গোপালগঞ্জ জেলার চর মানিকদিয়া গ্রামের মোস্তফা সরদারের ছেলে। স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় তিনি ও তার চার সহযোগী ডাকাতি করার জন্য খুলনা শহর থেকে রোববার রাতে তাফালবাড়ি গ্রামে পৌঁছান। রাতে স্থানীয় ঐ সহযোগীর বাড়িতে অবস্থান করে ভোর রাতে ডাকাতি করতে যান।
হান্নানকে পুলিশ পাহারায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মো. আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে সাত জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ঘরের গ্রীল ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে বেঁধে ফেলে। এরপর তারা স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ৯৫ হাজার টাকা, তার প্রবাসী ভাইয়ের এক লাখ ষাট হাজার টাকা মূল্যের সৌদি রিয়াল, ১০ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন সেটসহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় তিনি নিজের কাছে থাকা আরেকটি মোবাইল ফোন দিয়ে এলাকার কয়েকজন আত্মীয় ও প্রতিবেশীকে ডাকাতির খবর জানান। গ্রামবাসী দ্রুত এলাকা ঘিরে ফেলে।
ডাকাতরা পালানোর সময় গ্রামবাসী তাদেরকে ধাওয়া করে। পরে তল্লাশি করে রাস্তার পাশের একটি ডোবা থেকে হান্নানকে আটক করা হয়।
তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়েজিত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এস. এম ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনতার প্রহারে আহত হান্নানকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ ঘটনায় মো. আসাদুল্লাহ বাদী হয়ে হান্নানসহ সাত ডাকাতের বিরুদ্ধে সোমবার বিকেলে শরণখোলা থানায় মামলা করেছেন। ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৬ ঘ.
bdnews24