ঝিনাইদহ, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে উদ্ধারকৃত স্থলমাইনগুলো সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল ধ্বংস করেছে।
সোমবার দুপুরে সদর উপজেলার কশবাড়িয়া গ্রামের বিলের ধারে মাইনগুলোর বিস্ফোরণ ঘটানো হয় বলে ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ গ্রাম থেকে দুটি বাক্সে রক্ষিত মাইনগুলো উদ্ধার করা হয়। বাক্স দুটিতে মোট ৪৪টি মাইন ছিল।
গ্রামের একটি পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় পলিথিনে মোড়ানো দু'টি বাক্স পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয় ।
মাইনগুলো উদ্ধারের পর নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।
মাইনের বাক্স দুটির গায়ে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি ১৯৭০ সাল লেখা থেকে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এগুলো ফেলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৩২ ঘ.
bdnews24