চাঁদপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কচুয়াতে বাস ও অটোরিক্সা সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী পাঁচ ঘন্টা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন আল রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের যাত্রীবাহী বাস এবং কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা আরোহী তিনজন নিহত এবং আরো দুজন আহত হয়।
নিহতরা হলেন- সিএনজিচালক ইয়াসিন (২২), অটোরিক্সাযাত্রী নিমাই (২৫) ও আকবর (৪০)। তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।
এছাড়া আহত আরিফ (২৫) ও কাউসার (২৪) নামে দুই অটোরিক্সা যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসময় বিক্ষুদ্ধ জনতা দ'ুটি বাস ভাঙচুর করে বলে ওসি জানান।
তিনি জানান, অবরোধের কারণে মহাসড়কের দুইপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পরে রাত সাড়ে ১১টায় পুলিশ ও পরিবহন শ্রমিক নেতাদের সমঝোতায় বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
এই ঘটনায় কেউ আটক হয়নি।
সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলাও দায়ের হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিএস/পিডি/১৫০৯ ঘ.
bdnews24