ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মসমপর্ণ করে আয়কর ফাঁকির দুই মামলায়ই জামিন পেয়েছেন পারটেক্স গ্রুপ চেয়ারম্যান এম এ হাশেম। তার স্ত্রী-ছেলেরাও আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
সোমবার স্ত্রী-ছেলেরা এবং এনবিআর'র মামলায় অন্য অভিযুক্তরাসহ আদালতে আত্মসমপর্ণ করে জামিন নেন হাশেম। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক তাদের শর্তসাপেক্ষে এক মাসের জামিন দেন।
হাশেম ও তার পরিবারের আইনজীবী আনিসুল হক, সানাউল্লাহ মিয়া ও এম এ জলিল উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রোববার সকালে করা মামলায় বিকালে হাশেম ও তার স্ত্রী-ছেলে ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই বিচারক।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন- এম এ হাশেম, হাশেমের স্ত্রী সুলতানা হাশেম, ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ (ছেলে), পরিচালক মো. আজিজ আল কায়সার (ছেলে), পরিচালক মো. আজিজ আল মাহমুদ (ছেলে), পরিচালক মো. আজিজ আল মাসুদ (ছেলে), পরিচালক মো. শওকত আজিজ (ছেলে), পরিচালক মো. আশফাক আজিজ (ছেলে) এবং পারটেক্স গ্র"পের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও গ্রুপের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পেয়ার আহমেদ।
এদের মধ্যে আজিজ আল মাসুদ বিদেশে থাকায় তিনি সোমবার আদালতে আত্মসমপর্ণ করেননি। এ ছাড়া রুবেল আজিজ ও মো. আশফাক আজিজ একই ব্যক্তি।
এর আগে করফাঁকির আরেক মামলায় গত ২০ ফেব্রুয়ারি হাসেমের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই মামলায় সেদিন অভিযোগ গঠনের দিন ধার্য ছিলো।
ওই মামলায়ও সোমবার জামিন পেয়েছেন এম এ হাশেম। জামিনে থাকা অবস্থায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসা নিতে যাওয়ায় সেদিন হাশেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৪৪৭ ঘ.
bdnews24