২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতের স্থাপনা উচ্ছেদে বাধা নেই

কক্সবাজার সমুদ্র সৈকতের স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদের আইনগত বাধা আপিল বিভাগের এক আদেশে দূর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 07:48 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতের স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদের আইনগত বাধা আপিল বিভাগের এক আদেশে দূর হয়েছে। সৈকতের স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করতে চার ব্যবসায়ীর করা আবেদন সোমবার খারিজ করেছে আপিল বিভাগ। ফলে ওই জায়গার স্থাপনা উচ্ছেদে আর কোনো আইনি বাধা থাকলো না। চার ব্যবসায়ীর আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, আপিল বিভাগের এ আদেশের ফলে সমুদ্র সৈকত এলাকার স্থাপনা উচ্ছেদে আর কোনো আইনগত বাধা নেই। গত ১০ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনে সৈকত এলাকায় অবস্থিত স্থায়ী-অস্থায়ী স্থাপনা সরাতে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেয়। এ নির্দেশ অনুসারে গত ১২ জানুয়ারি সমুদ্র সৈকতের স্থায়ী-অস্থায়ী স্থাপনা সাত দিনের মধ্যে সরিয়ে ফেলার নোটিস দেয় কক্সবাজারের জেলা প্রশাসন। এর বৈধতা নিয়ে রবিউল আলম খানসহ চার ব্যবসায়ীর রিট আবেদনে গত ১৭ জানুয়ারি ওই নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের আরেক একটি বেঞ্চ। গত ১৫ ফেব্র"য়ারি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে তিন মাসের ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের এই আদেশ স্থগিত করার জন্য পুনরায় চার ব্যবসায়ী আবেদন করলে আবেদনটি গত ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/পিডি/১৩৪৭ ঘ.