ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের পাগলায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্ততঃ অর্ধশত।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে নারায়ণঞ্জের পাগলার নন্দলালপুর আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সকাল সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে নয়জনকে ঢামেকে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এদের একজন মো. শহীদ (৪০) নারায়ণগঞ্জের মুসলিমনগর এলাকার এনায়েতপুরের বাসিন্দা। অপর নিহত মহিলার (৪০) পরিচয় জানা যায়নি।
দুপুর ১টার দিকে জসিম উদ্দিন (৪৫) নামে আরেকজন মারা যান। জসিমের ছেলে বাহাউদ্দিন জানান তাদের বাড়ি বন্দর থানায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এর বাইরে আরো এগারো জনের অবস্থা আশঙ্কাজনক।
রেলওয়ের ফতুল্লা স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র নারায়ণগঞ্জ প্রতিনিধিকে জানান, ট্রেনটি সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দশ মিনিট পরেই দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনাস্থলের পাশের একটি ব্যাটারির দোকানের কর্মচারী আয়নুল ইসলাম রানা এ প্রতিনিধিকে জানান, ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি কাঠ বোঝাই ট্রাকটি রেললাইনে ওঠার পর পরই স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও ট্রাকটি আর চালু করতে পারেনি। শেষ পর্যন্ত ঢাকাগামী ট্রেনটি দ্রুতগতিতে ট্রাকের মাঝামাঝি ধাক্কা দেয়।
ট্রেনের যাত্রী আহত মনির হোসেন, ইয়ারহাম ও মো. হাসান নারায়ণগঞ্জ সদর হাসপাতালে এ প্রতিনিধিকে জানান, দুর্ঘটনায় অনেকের হাত-পা ভেঙে যায় এবং মাথা ফেটে যায়। এক মহিলার হাত বিচ্ছিন্ন হয়ে ট্রেনের জানালায় ঝুলে থাকতে দেখা গেছে বলেও জানান তারা।
আহতদের বিভিন্ন পরিবহনে করে নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ১৫ জনকে নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এরা হচ্ছে- মরিয়ম, সাবিনা ও তার ১১ মাস বয়সী শিশু সুমাইয়া, আনোয়ার হোসেন (৪৫), শুভ (১২), মনির হোসেন (৪০), ইয়ারহাম (৪৫), হাসান (৩৫), সুলতান (৩০), হাসমতউল্লাহ (৪০), কালা চাঁন (৪০), শাহজাহান (৪৫), আব্দুল হাই (৬০), দেলোয়ার হোসেন (৪০), রুবিনা ও অজ্ঞাত যুবক (২৫)।
দুর্ঘটনার থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো।
ট্রেনের চালক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারবার হর্ন দেয়া হলেও ট্রাকটি লাইন থেকে সরেনি। ট্রেনের গতি শ্লথ করে দেয়ার পরও ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত ট্রাকচালক বাবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে গর্জন কাঠ নিয়ে ট্রাকটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে রোববার রাত ৯টায় রওয়ানা দেয়।
দুর্ঘটনাস্থলে কোনো লেভেল ক্রসিং বার ছিলো না বলে দাবি করেন তিনি।
রেলওয়ে কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সিগন্যালটি রেলওয়ের অনুমোদিত কোনো সিগন্যাল পয়েন্ট নয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ২৬টি লেভেল ক্রসিং রয়েছে। তার মধ্যে বৈধ লেভেল ক্রসিং ১৪টি। বাকি অননুমোদিত লেভেল ক্রসিং-এ কোনো প্রহরী বা প্রতিবন্ধক থাকে না।
বিকালেই রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চোধুরী, অতিরিক্ত মহাপরিচালক মো. শাহজাহান ও আনহার মাহমুদ এবং সদ্য গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/কেটি/সিএস/পিডি/এএল/২১৩৮ ঘ.
bdnews24