২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে কর্মরত স্তন্যদায়ী মায়েরা অর্থ সহায়তা পাবেন

সন্তান জন্মদানের পরবর্তী দুই বছর আর্থিক সহায়তা পাবেন গার্মেন্টে কর্মরত নারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্তান জন্মদানের পরবর্তী দুই বছর আর্থিক সহায়তা পাবেন গার্মেন্টে কর্মরত নারীরা। 'কর্মজীবী স্তন্যদায়ী মা সহায়তা তহবিলের' আওতায় এ সুবিধা দেওয়া হবে তাদের। এ লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, বিজিএমইএ এবং বিকেএমইএ'র মধ্যে এ সংক্রান্ত একটি ত্রি-পক্ষীয় চুক্তি হয়েছে রোববার। এ চুক্তির ফলে উল্লেখিত দুই সংগঠনের সদস্যভুক্ত কারখানার ৬৭ হাজার পাঁচশ কর্মজীবী নারী এ সুবিধা পাবেন। তারা প্রতি মাসে সাড়ে তিনশ টাকা করে পাবেন। বিজিএমইএ কমপ্লেক্স মিলনায়তনে এ সমঝোতা স্মারক হয়। বিজিএমইএ'র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্তান জন্মদানের পর ২৪ মাস উপকারভোগী মাকে এ সুবিধা দেওয়া হবে। এ জন্য আমাদের দুই সংগঠনভুক্ত কারখানায় কর্মজীবীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। রোববার ৫০ জনকে 'স্তন্যদায়ী মা সহায়তা তহবিল ভাতা পরিশোধ কার্ড' দেওয়া হয়। বিজিএমইএর'র পক্ষে সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ'র পক্ষে ১ম সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক মো. আশরাফ হোসেন সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মা ও শিশুর মৃত্যুহার হ্রাস, মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি, গর্ভাবস্থায়-প্রসব-প্রসবোত্তর সেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও জন্ম নিয়ন্ত্রণ, গৃহ ও নিরাপদ পরিবেশ উন্নয়ন, জীবিকার মান উন্নয়ন ও পুষ্টি সহায়তা প্রদানের লক্ষে সরকার 'কর্মজীবী স্তন্যদায়ী মা সহায়তা তহবিল' কর্মসূচি হাতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২২০ ঘ.